আন্তর্জাতিক, আরব
ইরানের সঙ্গে ফের সরাসরি ফ্লাইট চালু করছে ইরাক

ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল আবারও চালু করার ঘোষণা দিয়েছে ইরাক। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ইরাকি এয়ারওয়েজ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের রাজধানী তেহরানসহ তিনটি শহরে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে।
ইরাকি জাতীয় বিমান সংস্থা সোমবার এক বিবৃতিতে জানায়, নতুন সূচি অনুযায়ী নাজাফ থেকে তেহরান, মাশহাদ ও ইসফাহানে নিয়মিত সরাসরি ফ্লাইট চলবে। যাত্রীদের ভ্রমণ সহজ করা এবং ইরাক ও ইরানের মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ পুনঃস্থাপনই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানায়, ইরাকি এয়ারওয়েজ ইরানে ফ্লাইট পরিচালনার জন্য বিশেষ ছাড় পেয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও কারিগরি শর্ত পূরণের পর ফ্লাইট পুনরায় চালুর পথ তৈরি হয়।
ইরাক-ইরান আকাশ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ছিল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্চের শুরুতে ইরাকি এয়ারওয়েজ ইরানগামী ফ্লাইট স্থগিত করেছিল। পরে ২৩ সেপ্টেম্বর ইরানি বিমান সংস্থাগুলোও ইরাকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে।
গত ২ অক্টোবর ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির কার্যালয় জানায়, মেহান এয়ার ছাড়া ইরানের অন্যান্য বিমান সংস্থাকে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন ৪০টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসা, ধর্মীয় সফর ও পর্যটনের জন্য যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল