সারা বাংলা
বাগেরহাটে হেলমেট পরে অফিস করছেন ইউপি কর্মীরা

বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ার আতঙ্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা হেলমেট পরে দাপ্তরিক কাজ করছেন।
সেবা নিতে আসা সাধারণ মানুষও ভবনের ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছেন। গত রোববার (৪ অক্টোবর) ছাদের পলেস্তারা খসে পড়ে সবিতা রানী নামে পরিবার পরিকল্পনায় কর্মরত এক আয়া আহত হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, ইউপি ভবনের প্রায় প্রতিটি কক্ষের অবস্থাই বেশ নাজুক। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় কর্মকর্তা-কর্মচারীরা মাথায় হেলমেট পরে কাজ চালিয়ে নিচ্ছেন। স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্টরা দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুর রহমান জানান, ভবনের কোনো কক্ষই এখন আর নিরাপদ নয়। হলরুম ও তথ্যসেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিদিন অসংখ্য মানুষ সেবা নিতে আসেন। ছাদের পলেস্তারা খসে এর আগেও কয়েকজন আহত হয়েছেন, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। ইউপি চেয়ারম্যান মাসুদ সরদার জানান, ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় বিল করে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, জায়গা স্বল্পতার কারণে বর্তমান স্থানে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পুরোনো ভবনটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।
ডিবিসি/এমএনকে