সারা বাংলা
হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেন ক্লোজড

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ তো খাওয়া লাগবেই’প্রকাশ্যে এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে তাকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে তিনি বলেন, ‘আমি পুলিশের দারোগা, আমি যদি বলি আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, তা কি হবে? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ তো খাওয়া লাগবেই।’ এ সময় স্থানীয় এক ব্যক্তি তার এই বক্তব্যের ভিডিও ধারণ করেন, যা মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত তাকে থানা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত এএসআই ইলিয়াসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে