রাজনীতি
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

ঢাকা শহরে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে দ্রুতই একটি নীতিমালা প্রণয়ন করা হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, ধানমন্ডি লেকের মনোরম পরিবেশ সংরক্ষণ ও এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ৮৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় লেকের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি একটি ‘নজরুল মঞ্চ’ নির্মাণ করা হবে, যেখানে লাইব্রেরি স্থাপনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।
এর আগে, ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করে দেয়াসহ বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন রিকশার মালিক-শ্রমিক নেতারা। রিকশা পুরোপুরি বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনা এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেয়ার দাবি জানান তারা।
নিজেদের দাবির পক্ষে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে কাকরাইল মোড়ে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালানোর পাশাপাশি আন্দোলন এড়িয়ে রিকশা চালানোর চেষ্টা করায় কয়েকজন চালককে মারধরের অভিযোগও উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।
ডিবিসি/এফএইচআর