ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নৌকার বদলে সেতু, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

নৌকার বদলে সেতু, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

সারা বাংলা

নৌকার বদলে সেতু, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই অক্টোবর ২০২৬ ১২:২৮:৫০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুরঘাট-দানারহাট ভায়া শালগাড়া সড়কে নবনির্মিত ১৬০ মিটার দীর্ঘ আরসিসি পিএসসি গার্ডার সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয়দের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। সোমবার ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকা। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীকে। নতুন এই সেতু চালুর ফলে এখন থেকে সরাসরি যানবাহন চলাচল করতে পারবে। এতে ঠাকুরগাঁও শহরসহ আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক গতি আসবে।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ‘রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প-২য় পর্যায়’-এর আওতায় ২০ কোটি ৩৩ লাখ টাকার বেশি ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এই সেতুতে রাতের বেলায় চলাচলের সুবিধার জন্য সোলার লাইটও স্থাপন করা হয়েছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সফিউল আলম জানান, নির্ধারিত কারিগরি নির্দেশনা মেনেই এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। স্বপ্নের এই সেতু পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন