সারা বাংলা
মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর

রাস্তা পার হতে গিয়ে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরিয়ান। সে ওই এলাকার আরমান খাঁর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক একটি ইটভাঙার মেশিন নিয়ে চরমুগরিয়া থেকে গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নয়াচর এলাকায় পৌঁছালে শিশু আরিয়ান রাস্তা পার হওয়ার সময় মেশিনটির নিচে চাপা পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ছোট্ট আরিয়ানের এমন মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/এমএনকে