বাংলাদেশ, সারা বাংলা
যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে এক চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।
নাভারন হাইওয়ে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা বোঝাই করে কভার্ড ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পথে খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সহকারী আরিফ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুভেন্দু কুমার মজুমদার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই আরিফ হোসেনের মৃত্যু হয়।
নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই কভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত কভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।