ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

৮ অক্টোবর থেকে ফের ইরানে সরাসরি ফ্লাইট চালু করছে ইরাকি এয়ারওয়েজ

৮ অক্টোবর থেকে ফের ইরানে সরাসরি ফ্লাইট চালু করছে ইরাকি এয়ারওয়েজ

আন্তর্জাতিক, আরব

৮ অক্টোবর থেকে ফের ইরানে সরাসরি ফ্লাইট চালু করছে ইরাকি এয়ারওয়েজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইরানে সরাসরি ফ্লাইট ফের চালু করছে ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরাকি এয়ারওয়েজ। আগামী ৮ অক্টোবর থেকে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরান, মাশহাদ ও ইসফাহানে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

ইরাকি এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীদের যাতায়াত সহজ করা এবং ইরাক ও ইরানের তিন শহরের মধ্যে নিয়মিত আকাশপথে যোগাযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


ইরাকের পরিবহন মন্ত্রণালয় গত ২৯ সেপ্টেম্বর জানায়, ইরানে ফ্লাইট পরিচালনার জন্য ইরাকি এয়ারওয়েজ বিশেষ ছাড় পেয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফ্লাইট পুনরায় চালুর পথ খুলে যায়।


ইরাকের পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এক মাসের জন্য এ ছাড় দিয়েছে। এর আওতায় যাত্রী যাচাই, তথ্য বিনিময় এবং ফ্লাইট ব্যবহার করে অস্ত্র, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি বা অবৈধ অর্থ পরিবহন ঠেকাতে বিভিন্ন সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাগদাদ।


ইরানের বিমান খাতের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বৃদ্ধির মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ইরানের সক্রিয় কয়েকটি বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


ইরাকি এয়ারওয়েজ গত মার্চের শুরুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানগামী ফ্লাইট স্থগিত করেছিল।


এদিকে ২ অক্টোবর ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মাহান এয়ার ছাড়া ইরানি বিমান সংস্থাগুলোকে প্রতিদিন নাজাফে ৪০টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।


সূত্র: ইরান ইন্টারন্যাশনাল


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন