বাংলাদেশ, সারা বাংলা
ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

ময়মনসিংহ নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অন্তরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দাম হোসেন স্থানীয় পান্নু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে অন্তরের দোতলা বাসার একটি কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় অন্তর তাঁর হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সাদ্দামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোতোয়ালি থানা পুলিশ আকুয়া ভাংগারপুল এলাকা থেকেই অন্তরকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।