সারা বাংলা
নাটোরের সিংড়ায় শিকার করা ৫০ বক উদ্ধার, ৫ জনের সাজা

নাটোরের সিংড়ায় চলনবিল এলাকার জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে শিকার করা ৫০টি মৃত বক পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি শিকারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রিফাতের পরিচালনায় এই অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা সমাজ’-এর কর্মীরা। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলনবিল এলাকায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলার বিলপাকুড়িয়া গ্রামের আবদুল আলেমের ছেলে হোসেন আলীকে (২১) ২ হাজার টাকা এবং আবদুল ওহাবের ছেলে আবু হানিফকে (৪০) ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিলে তাদের ৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া একই গ্রামের আহেদ আলীর ছেলে জুনাব আলী (৩৫), এরশাদুলের ছেলে কাহার (১৯) এবং রুহুল আমিনের ছেলে লিটন আলীকে (৩৪) বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে না পারলে তাদের আরও ৭ দিনের সাজা ভোগ করতে হবে বলে নির্দেশ দেন আদালত।
ডিবিসি/এমএনকে