স্বাস্থ্য
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন। এছাড়া অক্টোবরের প্রথম পাঁচ দিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯৬ জন ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২০৩ জন, রাজশাহীতে ১৯৯ জন, ময়মনসিংহে ৯৬ জন এবং রংপুর বিভাগে ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডিবিসি/আরএসএল