বাংলাদেশ, সারা বাংলা
পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, সঙ্গে থাকা শিশু সন্তান আহত

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যানগাড়ি উল্টে গোলকাঠের ওপর পড়ে মো. বশির (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চার বছর বয়সী ছেলে নাঈম গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। তিনি সোহাগদল ইউনিয়নের বছরাকাঠি এলাকার একটি কাঠের দোকান থেকে ভ্যানগাড়িতে কাঠ পরিবহনের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বশির তাঁর চার বছরের ছেলে নাঈমকে সঙ্গে নিয়ে ভ্যানে কাঠ পরিবহন করছিলেন। দুপুরে হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের উঁচু অংশে ওঠার সময় ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রাস্তার পাশে খালের পাড়ে ব্যবসায়ীদের স্তূপ করে রাখা গোলকাঠের ওপর ভ্যানটি উল্টে পড়ে। এতে ভ্যানে থাকা কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বশির। এ সময় পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু নাঈম।
স্থানীয় দোকানি মো. মাসুদ জানান, ব্রিজের পাশে তাঁর দোকান। হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনে বাইরে এসে তিনি ভ্যানটি গোলকাঠের ওপর উল্টে থাকতে দেখেন। ভ্যানের নিচে বশির চাপা পড়েছিলেন এবং পাশে শিশুটি পড়ে ছিল। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন এবং গুরুতর আহত বশিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বশিরের স্ত্রী ছোট সন্তানকে রেখে অন্যত্র চলে যাওয়ায় বাড়িতে শিশুটিকে দেখাশোনার মতো কেউ ছিল না। তাই বশির কাজের সময় নিয়মিত এই শিশুটিকে সঙ্গে নিয়েই বের হতেন। হাসপাতালে এসে কান্নাজড়িত কণ্ঠে নিহত বশিরের মেয়ে সুবর্ণা জানান, তাঁদের মা না থাকায় বাবা সব সময় তাঁর এই ছোট ভাইকে সঙ্গে নিয়েই কাজে যেতেন।