বাংলাদেশ, সারা বাংলা
টেকনাফে যৌথ অভিযানে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে অপহৃত চার যুবককে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ চক্রের এক সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের চেকপোস্ট সংলগ্ন মৌসুমী গেইটের পাশের মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ তারেক (২৩)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের মৌসুমী বাজার এলাকায় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্যের অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে চার অপহৃতকে উদ্ধার এবং তারেককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে চারজন ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃতদের পাশাপাশি আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরের এপিবিএন ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।