আন্তর্জাতিক, আরব
মার্কিন হামলার আশঙ্কায় নারীদের যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও নতুন করে যুদ্ধের আশঙ্কায় নারীদের অস্ত্র পরিচালনা ও শহুরে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ইরান। স্বেচ্ছাসেবী কর্মসূচির আওতায় তাদের অস্ত্র ব্যবহার, আত্মরক্ষা, জরুরি চিকিৎসা, উদ্ধারকাজ ও দুর্যোগ মোকাবিলার কৌশল শেখানো হচ্ছে।
ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, তেহরানের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে সাধারণ ও সামরিক পোশাক পরা নারীরা কালাশনিকভ রাইফেল, ড্রাগুনভ স্নাইপার রাইফেল, আরপিজি এবং কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা এয়ার ডিফেন্স লঞ্চার ব্যবহারের অনুশীলন করছেন। পাশাপাশি মানচিত্র দেখে দিক নির্ণয়, অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধারকাজের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক বোমাবর্ষণের পর ইরানে ‘জান-ফাদা’ নামে নাগরিক সামরিক প্রতিরোধ কর্মসূচি চালু হয়েছে। বাসিজ মিলিশিয়ার অধীনে পরিচালিত এ উদ্যোগে নিবন্ধন শুরুর ১০০ মিনিটের মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ নাম লেখান। প্রথম এক হাজার ইউনিট দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় আরও এক হাজার ইউনিট অনুমোদন করেছে সরকার।
রেড ক্রিসেন্টের সহযোগিতায় গড়ে তোলা এলাকাভিত্তিক উদ্ধার ইউনিটেও বিপুলসংখ্যক নারী অংশ নিচ্ছেন। ইরানি কর্মকর্তারা এ উদ্যোগকে ১৯৮০ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ‘২০ মিলিয়নের বাহিনী’ গঠনের আহ্বানের আধুনিক রূপ হিসেবে দেখছেন।
এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা নতুন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেও তেহরান আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথাও বলছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সংঘাতের কোনো সামরিক সমাধান নেই।
ডিবিসি/এসএফএল