আন্তর্জাতিক
বিদ্যুৎ সংকটে ইয়েমেনের হাসপাতালগুলো, হুমকির মুখে চিকিৎসাসেবা

ইয়েমেনের হাসপাতালগুলো অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ, ল্যাবরেটরি, চিকিৎসাসামগ্রী সংরক্ষণের রেফ্রিজারেটর এবং ডায়ালাইসিস মেশিনের মতো জীবন রক্ষাকারী যন্ত্র সচল রাখতে গিয়ে তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বারবার বিদ্যুৎ বিভ্রাট ইয়েমেনের জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবাগুলোকে ব্যাহত করছে, যার ফলে হাসপাতালগুলো গ্রিড বিদ্যুৎ, জেনারেটর এবং সোলার সিস্টেমের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। স্বাস্থ্যসেবাগুলো সচল রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ সালে দেশের ১৭৭টি স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৪৩ লাখ ৩০ হাজার লিটার জ্বালানি সরবরাহ করেছিল।
হাসপাতালে ডায়ালাইসিস করানোর সময় জিন আহমেদ নামে এক কিডনি রোগী বলেছেন, ‘সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ চলে যাওয়ার অর্থ হলো গরম ও অন্ধকার। কিন্তু এখানে আমাদের জন্য প্রথম যে বিষয়টি মাথায় আসে, তা হলো আমরা ডায়ালাইসিস করাতে পারব কি না।’ তিনি আরও বলেন, ‘আমি জানি আমার এই সেশনের প্রয়োজন, তাই হাসপাতালে আসি। যদি এটি বিলম্বিত হয়, তবে আমি ভাবতেই থাকি কখন এটি পাব এবং যন্ত্রগুলো সচল থাকবে কি না।’ বিদ্যুৎ সরবরাহের এই দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার কারণে ইয়েমেনের হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলো জরুরি সেবা চালু রাখতে ক্রমবর্ধমানভাবে সোলার সিস্টেমের ওপর নির্ভর করছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/ এসভিএন