ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

দেড় ঘণ্টা দেরিতে ছাড়ল কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর গোধূলি

দেড় ঘণ্টা দেরিতে ছাড়ল কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর গোধূলি

সারা বাংলা

দেড় ঘণ্টা দেরিতে ছাড়ল কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর গোধূলি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পাওয়ার কারে ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়েছে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর গোধূলি ট্রেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ট্রেনটির কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার কথা থাকলেও ত্রুটি সারিয়ে তা রাত সোয়া ৮টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে স্টেশনে ও ট্রেনের ভেতরে অপেক্ষমাণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

যাত্রীরা জানান, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগেই বগিগুলোতে কোনো বিদ্যুৎ সরবরাহ ছিল না। ফলে পুরো ট্রেন অন্ধকার থাকায় যাত্রীদের প্রচণ্ড গরম ও চরম অস্বস্তির মধ্যে অপেক্ষা করতে হয়।

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিক্ষক মুক্তার উদ্দিন ছেলেকে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুর স্টেশনে আসেন। তিনি বলেন, ‘ট্রেনে এসে দেখি কোনো বগিতে বিদ্যুৎ নেই। পুরো ট্রেন অন্ধকার। প্রচণ্ড গরমে স্টেশনেই এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।’ 

 

নরসিংদীর শিবপুরের যাত্রী আলমাছ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘ট্রেনে কী সমস্যা হয়েছে, দায়িত্বে থাকা কেউ পরিষ্কার করে বলতে পারছিলেন না। সমাধানে কতক্ষণ সময় লাগবে, তা জানার জন্য স্টেশন মাস্টার আনোয়ার হোসেনের কক্ষে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।’

 

নরসিংদীর হাবিবুর রহমান জানান, ট্রেন ছাড়ার সময় পার হয়ে যাওয়ার পর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন পাওয়ার কারে সমস্যা হয়েছে। ভৈরব থেকে দুই সন্তান ও ব্যাগপত্র নিয়ে ওঠা শ্যামলী নাহার স্বর্ণা বলেন, ‘ট্রেন ছাড়ার সময় এসে পাওয়ার কার ঠিক করার কথা মনে পড়েছে! অথচ এসব বিষয় নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা করে নেওয়া যেত। এই ট্রেনে বরাবরই সমস্যা লেগে থাকে।’

 

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, ট্রেনের পাওয়ার কারে সমস্যা থাকায় নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি। পরে তা মেরামত করার পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন