সারা বাংলা
পাবনায় নিখোঁজের পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বাড়ির পেছনের হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান সুপ্রভাত। চিকিৎসক দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি পরে ফিরবেন বলে জানান। তবে এরপর তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাতে বিষয়টি আমিনপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়। খবর পেয়ে পুলিশ তার সন্ধানে তৎপরতা শুরু করে।
ওসি ফজলে এলাহী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া যায়। তবে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তার অবস্থানও নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে বাড়ির পেছনের হলুদের ক্ষেতে সুপ্রভাতের আগুনে ঝলসানো মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি ফজলে এলাহী বলেন, সুপ্রভাতকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে হত্যার আগে নাকি পরে তার শরীরে আগুন দেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ডিবিসি/এমএনকে