সারা বাংলা
যশোরে এটিএমে টাকা তুলতে না পেরে ভোগান্তিতে গ্রাহকরা

যশোরে এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক দ্রুত সেবা চালুর নির্দেশ দিলেও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অধিকাংশ বুথে স্বাভাবিক সেবা মিলছে না। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে অনেকে ফিরে যাচ্ছেন।
গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। নেটওয়ার্কটি পরিচালনা করে আইটি কনসালট্যান্টস পিএলসি। এই কাজের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন ডিজিটাল সেবা বন্ধ বা সীমিত হয়ে পড়ে।
গ্রাহকরা জানান, টাকা তোলার জন্য তাঁদের এক ব্যাংকের বুথ থেকে অন্য ব্যাংকের বুথে যেতে হচ্ছে। একাধিক বুথে গিয়েও অনেকে টাকা তুলতে পারছেন না। এতে জরুরি খরচ মেটাতে সমস্যায় পড়ছেন তাঁরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কিউ-ক্যাশ নেটওয়ার্কের কাজের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তি হচ্ছে।
গ্রাহকদের স্বার্থে বন্ধ থাকা সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি লেনদেন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই সমস্যার কারণে এটিএম থেকে টাকা তোলা ছাড়াও দোকানে কার্ড দিয়ে মূল্য পরিশোধ, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো এবং কিউআর কোডে অর্থ পরিশোধের সেবা ব্যাহত হয়েছে। তবে সব ব্যাংকে সমস্যার ধরন এক নয়।
বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে। অন্যদিকে যশোরের গ্রাহকরা দ্রুত এটিএম ও ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
ডিবিসি/এমএনকে