খেলাধুলা, ফুটবল
বিদায়ী ম্যাচের আগে সম্মানসূচক ‘ডক্টর অনরিস কসা’ ডিগ্রি পেলেন মেসি

বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে আর্জেন্টিনার বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন লিওনেল মেসি। আজ বুধবার (৭ অক্টোবর) ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়ে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন তিনি। স্পেনের কাছে ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে হারের পর এটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার শেষ ম্যাচ।
আর্জেন্টিনার সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ৩৯ বছর বয়সী এই তারকাকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি ‘ডক্টর অনরিস কসা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উচ্চ পরিষদ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করে জানায়, বিশ্বজয়ী এবং আটবারের ব্যালন ডি'অর জয়ীর ক্যারিয়ার ‘দক্ষতা, অধ্যবসায়, বিনয় এবং নৈতিক আচরণের একটি অনন্য উদাহরণ’। অবশ্য এই উপাধির মাধ্যমে মেসি কোনো একাডেমিক বা পেশাদার অধিকার পাবেন না এবং তিনি বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা লেকচারও নেবেন না। এর আগে বিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদদের এই সম্মান দেওয়া হলেও এই প্রথম কোনো ফুটবলার হিসেবে বিশ্ববিদ্যালয়টি থেকে এই স্বীকৃতি পেলেন মেসি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিকার্ডো গেলপি এই সম্মাননা ঘোষণা করে বলেন, ‘মেসি সম্পর্কে সব আর্জেন্টাইন যা জানে, তার বাইরেও এবং তার ক্রীড়া প্রতিভার পরিসংখ্যান ছাড়িয়ে আমরা এমন একজন বিনয়ী ও পরিশ্রমী মানুষকে সম্মান জানাতে চাই, যিনি আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের এক রোল মডেল ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’
তিনি আরও বলেন, ‘এই সম্মানের মাধ্যমে আমরা এমন একজন মানুষের উচ্চতা ও প্রভাবকে তুলে ধরতে চাই, যিনি খেলাধুলার মাধ্যমে এবং এর বাইরেও অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবং উৎকর্ষের মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।’
বেনিনের বিপক্ষে এই ম্যাচের আগপর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ২০৭টি ম্যাচ খেলেছেন মেসি, আজকের ম্যাচটি দিয়ে যা দাঁড়াবে ২০৮টিতে। এ ছাড়া ১২৫ গোল নিয়ে তিনি জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং ৬৮টি অ্যাসিস্ট নিয়ে সেরা প্লেমেকারও বটে। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনা জয় এবং ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পাশাপাশি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার মাধ্যমেই তার বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটছে।
সূত্র: গোল ডট কম
ডিবিসি/ এসভিএন