রাজধানী
ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৫

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির বিভিন্ন বিভাগের আওতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও ৬০ জন, ওয়ারী ৫৯ জন, লালবাগ ৫৫ জন, উত্তরা ৪২ জন, গুলশান ২৯ জন, রমনা ২১ জন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুরি, ১টি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা। ডিএমপি কর্মকর্তা আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/পিআরএএন