আন্তর্জাতিক
দক্ষ প্রবাসী কর্মীরা পরিবার নিয়ে নিয়ে যেতে পারবেন সৌদি আরবে!

অত্যন্ত দক্ষ প্রবাসী কর্মীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে সৌদি আরব সরকার। এখন থেকে নিজেদের কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যদের দেশটিতে নেয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন তারা। মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, যার মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের পরিবারসহ দেশটিতে যাওয়ার পথ আরও সহজ হলো।
দেশটির পররাষ্ট্র এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেয়া হয়েছে। নতুন নিয়মের অধীনে দক্ষ কর্মীরা তাদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সঙ্গে নেয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, এখন থেকে পরিবারকে সৌদি আরবে নেয়ার জন্য কর্মীর নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। শর্ত পূরণ সাপেক্ষে ভিসার কাজ চলাকালীনই পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা দেয়া যাবে।
এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নত করা এবং ভিসা সংক্রান্ত জটিলতা কমিয়ে আনা। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা দেশটিতে পৌঁছানোর পর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ডিবিসি/এফএইচআর