সারা বাংলা
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ববির ১৩ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ জন কৃতী শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁদের এই মর্যাদাপূর্ণ পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, মনোনীতদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের পাঁচজন, ২০২০ শিক্ষাবর্ষের চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষের চারজন শিক্ষার্থী রয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান (সিজিপিএ ৩.৯৮), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা (৩.৯৫), সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস (৩.৮৬), আইন অনুষদের আইন বিভাগের তহমিনা আক্তার মুন (৩.৮৬) এবং কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান (৩.৬৭)।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওয়াহিদা ইসলাম (সিজিপিএ ৩.৯২), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের রসায়ন বিভাগের অরিন্দম কর্মকার (৩.৮৭), আইন অনুষদের আইন বিভাগের দিলরুবা খান মৌ (৩.৭৫) এবং কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের অন্তরা হালদার (৩.৫৯)।
অন্যদিকে ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত চার শিক্ষার্থী হলেন জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনামিকা বিশ্বাস (সিজিপিএ ৩.৯২), বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোসা. অনন্যা সুলতানা (৩.৯২), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তসলিমা আক্তার (৩.৯১) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগের আব্দুল কাদের (৩.৬৭)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অর্জনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জন তাদের একাডেমিক সাফল্যের এক অনন্য স্বীকৃতি। এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণামুখী হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে।