ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ময়মনসিংহের নান্দাইলে কৃষক সবি হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে কৃষক সবি হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

সারা বাংলা

ময়মনসিংহের নান্দাইলে কৃষক সবি হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১৩ আসামির মধ্যে ১১ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসাদুল বর্তমানে পলাতক রয়েছেন।

 

মামলার নথি থেকে জানা যায়, নান্দাইল উপজেলার চর ভেলামারী এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে অবস্থানকালে সবির ওপর অতর্কিত হামলা চালায় আসামিরা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

হত্যাকাণ্ডের পর নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা

করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

 

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ. কে. এম. আমানউল্লাহ বাদল।

আরও পড়ুন