বাংলাদেশ, জাতীয়
মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও জেলার তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন ‘আহবান’-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
সংগঠনটির আহ্বায়ক লুকমান শারীফ এবং সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদ ৩৮ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, মাদকের কারণে যুবসমাজের সম্ভাবনাময় জীবন ধ্বংস হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। একটি জনপদকে সমৃদ্ধ করতে শিক্ষা, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের বিকাশের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি ‘আহবান’-এর উদ্যোগে পরিচালিত ঠাকুরগাঁও স্কুলভিত্তিক সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট, শীতবস্ত্র বিতরণ ও জেন-জি কার্নিভালসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ এবং মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে তরুণদের আরও জোরালো ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
সাক্ষাৎ শেষে সংগঠনের সদস্যরা একটি মানবিক ও আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সবার মঙ্গল কামনা করেন।
ডিবিসি/এমএনকে