সারা বাংলা
পটুয়াখালীতে ক্লাস চলাকালে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ ১০ শিক্ষার্থী

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে রহস্যজনকভাবে একসঙ্গে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া সকল শিক্ষার্থীই ছাত্রী। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বিকেল সাড়ে ৩টার দিকে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই পরপর দুটি বিদ্যালয়ের এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল্লাহ জানান, দুপুর ১টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে দশম শ্রেণির জাকিয়া নামের এক শিক্ষার্থী হঠাৎ করে পেটব্যথা, পায়ে ঝিঁঝি ধরা এবং শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ঠিক একই ধরনের উপসর্গ নিয়ে আরও নয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলি সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা ‘মাস সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন’-এ আক্রান্ত হয়েছে। তবে আশার কথা হলো, বর্তমানে চিকিৎসাধীন সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়েও হুবহু একই ধরনের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। অল্প কিছুদিন ব্যবধানে দুটি ভিন্ন বিদ্যালয়ে এমন ঘটনা ঘটায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উদ্বেগ কাজ করছে।
ডিবিসি/এমএনকে