সারা বাংলা
২০৩ কোটি টাকায় পঞ্চগড়ে হচ্ছে দ্বিতীয় করতোয়া সেতু

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের সরকারি উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের জোয়ার বইছে দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পটি অনুমোদিত হওয়ায় বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করেছেন।
জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই সেতু নির্মাণের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর এই সেতুটি নির্মিত হবে। প্রায় ২০৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পের কাজ চলতি বছরের (২০২৬ সালের) অক্টোবর থেকে শুরু হয়ে ২০৩০ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
এলাকাবাসী জানান, এতদিন করতোয়া নদীর ওপর কেবল একটি কাঠের সেতু দিয়েই দুই পাড়ের মানুষ ও যানবাহন যাতায়াত করত। নিয়মিত এই সেতু পার হতে প্রতিদিন ১০ টাকা করে টোল বা ফি দিতে হতো। এছাড়া বর্ষাকালে এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা কৃষকদের উৎপাদিত ফসল বাজারে তোলার সময় চরম ভোগান্তির শিকার হতে হতো। নতুন স্থায়ী সেতুটি নির্মিত হলে এই জনদুর্ভোগ স্থায়ীভাবে দূর হবে বলে তারা আশাবাদী।
স্থানীয় বাসিন্দা জয় ও আসিম উদ্দিন জানান, দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় দুই পাড়ের মানুষের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের যোগাযোগব্যবস্থা অনেক সহজ হবে।
পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী জানান, একনেকে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া পারাপারের কষ্ট দূর হওয়ার পাশাপাশি ওই অঞ্চলের পণ্য পরিবহন ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
ডিবিসি/এমএনকে