ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

একনেকে ১৬ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদিত

একনেকে ১৬ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদিত

বাংলাদেশ, জাতীয়

একনেকে ১৬ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদিত

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন পায়। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুমোদিত ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

 

মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ১৯৯ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে রামপাল সৌরবিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। 

 

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চ পর্যন্ত বাস্তবায়নাধীন এই প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বিপিডিবির নিজস্ব জমি ব্যবহার করায় নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না এবং নিকটবর্তী কয়লাভিত্তিক কেন্দ্রের বিদ্যমান সঞ্চালন লাইন ব্যবহার করায় দ্রুত ও কম খরচে এটি সম্পন্ন হবে।

 

একনেক সভায় রামপাল প্রকল্প ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টিসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ড, রংপুর ও গাজীপুর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, নারীদের দক্ষতা বৃদ্ধি এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে। 

 

এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের অধীনে রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, নৌপরিবহন মন্ত্রণালয়ের জলযান সংগ্রহ প্রকল্প, ফ্রান্সের প্যারিসে চ্যান্সারি ভবন সংস্কার এবং পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্পও একনেকের অনুমোদন লাভ করেছে। সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন