ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কুষ্টিয়ায় এক ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ রোগী

কুষ্টিয়ায় এক ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ রোগী

সারা বাংলা

কুষ্টিয়ায় এক ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ রোগী

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

কেউ যাচ্ছিলেন বাসায়, কেউবা ঘুরছিলেন রাস্তায়। এমন সময় একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইঁদরা মোড়সহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

 

রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন প্রত্যয় বিশ্বাস জানান, সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন হাসপাতালে এসেছিলেন। অনেকের বড় ধরনের ক্ষত দেখা গেছে। তাদের মধ্যে ২৭ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। অন্যদের সকালে (বৃহস্পতিবার) আসার পরামর্শ দেয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পথচারীদের কামড় দেয় একটি পাগলা কুকুর। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কালো রঙের পাগলা কুকুরটি শহরের আমতলা, হলবাজার, ইঁদরা মোড় হয়ে সর্বশেষ নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়ায় দেখা গেছে।

 

রাতে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, কুকুরের কামড় বা আঁচড়ের ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ধুচ্ছেন কেউ। আবার কাউকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। জরুরি বিভাগের সামনে স্বজন ও রোগীদের উপচেপড়া ভিড়।

 

আহত মো. রোকনুজ্জামান জানান, তিনি কুমারখালী হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি কালো কুকুর এসে কামড় দিয়ে চলে যায়। তার পায়ে ক্ষত রয়েছে। চিকিৎসক তাকে ভ্যাকসিন দিয়েছেন।

 

স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, ‘সন্ধ্যায় হাসপাতালে এসে দেখি বিভিন্ন জায়গা থেকে কুকুরের কামড়ে আহত হয়ে রোগীরা আসছেন। দ্রুত কুকুরটি শনাক্ত করা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

 

রাত ৮টার দিকে চড়াইকোল হয়তাপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ আফজাল হোসেন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, নামাজ পড়ে বাইরে আসতেই একটি কালো কুকুর কামড় দিয়ে দৌড়ে চলে যায়। চিকিৎসক বললেন কাল আসতে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার ফোনে বলেন, একটি কুকুরের কামড়ে আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন