সারা বাংলা
সিলেটে একইস্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

সিলেটের বিশ্বনাথে একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার একই সময়ে ওই এলাকায় বিএনপির দুই পক্ষ গণপদযাত্রা, সভা ও সমাবেশের কর্মসূচি আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। একই সঙ্গে লাঠিসোঁটা বা বিস্ফোরক দ্রব্য বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন