আন্তর্জাতিক, ভারত
ভারতে স্কুলের পানির ট্যাংক পরিষ্কারে নেমে একসাথে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনে একটি আবাসিক বিদ্যালয়ের পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া আরও এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির পর বিদ্যালয়ের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বৃন্দাবন থানা এলাকার চৈতন্য বিহার কলোনিতে অবস্থিত মহর্ষি পাণিনি সংস্কৃত বিদ্যালয় (বৃন্দাবন গুরুকুলম)-এ এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করে, যার মধ্যে ১০০ জন সেখানে আবাসিকভাবে থাকে।
মথুরার জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, প্রথমে এক শিক্ষার্থী ট্যাংক পরিষ্কারের জন্য ভেতরে প্রবেশ করে আর ফিরে আসেনি। এরপর তাকে দেখতে আরও চার শিক্ষার্থী একের পর এক ট্যাংকের ভেতর নামে। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজন সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মনু কাটারা (২৪), ঋষভ শর্মা (১৮), আর্যন শর্মা (১৮) এবং দেবাংশ (১৭)। অন্যদিকে রুদ্র বিদেশ (১৮) নামের বেঁচে যাওয়া শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে একমাত্র জীবিত শিক্ষার্থী রুদ্র জানায়, মোটরের সাহায্যে ট্যাংকের পানি খালি করে প্রথমে মনু ভেতরে নামে। কিছুক্ষণ পর সে অচেতন হয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক অন্য ছাত্রদের ভেতরে গিয়ে খোঁজ নিতে বলেন। রুদ্র জানায়, ট্যাংকে নামার পর শ্বাসকষ্ট শুরু হয় এবং চোখ বন্ধ হয়ে পা কাঁপতে থাকে। পরে সে চিৎকার করে হাত তুললে ওপর থেকে দড়ি ও মইয়ের সাহায্যে তাকেসহ বাকিদের টেনে তোলা হয়। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহত এক শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে বৃন্দাবন থানায় মামলা দায়ের করে বিদ্যালয়ের ম্যানেজার আশীষ শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এদিকে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ডিবিসি/এসডব্লিউএন