ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

অনলাইনে ট্রেনের টিকিট ছাড়ার পরই নিমিষে উধাও, সিলেটে বিচারকের মামলা

অনলাইনে ট্রেনের টিকিট ছাড়ার পরই নিমিষে উধাও, সিলেটে বিচারকের মামলা

সারা বাংলা

অনলাইনে ট্রেনের টিকিট ছাড়ার পরই নিমিষে উধাও, সিলেটে বিচারকের মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ট্রেনের টিকিট যেন এক সোনার হরিণ। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়ার পরপরই তা উধাও হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা টিকিটের নাগাল পান না এমন দীর্ঘদিনের ভোগান্তি ও অভিযোগের সত্যতা পেয়ে এবার স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান।

টিকিটে কালোবাজারি ও মজুদদারির সুনির্দিষ্ট আলামত পাওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে মামলাটি তদন্তের দায়িত্ব পালন করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

বুধবার (৭ অক্টোবর) মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে পৌঁছায়। বর্তমানে মামলাটির তদন্ত করছেন পিবিআই সিলেটের উপপরিদর্শক আবদুল আহাদ।

 

জানা গেছে, সিলেট থেকে ঢাকা রুটে উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত এবং চট্টগ্রাম রুটে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করে। এসব রুটের টিকিট অনলাইন প্ল্যাটফর্মে উন্মুক্ত হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। কিন্তু সাধারণ যাত্রীরা টিকিট না পেলেও পরে অধিক মূল্যে বিভিন্ন মাধ্যমে তা বিক্রির অভিযোগ রয়েছে। 

 

বিষয়টি আদালতের নজরে আসার পর গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান স্বপ্রণোদিত হয়ে মিস মামলা নং-০১/২০২৬ দায়ের করেন। এজাহারে কালোবাজারি ও মজুদদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

আদালতের নথিতে বলা হয়েছে, একটি চক্র টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত কিছু ব্যক্তির সহযোগিতায় মুহূর্তের মধ্যে ট্রেনের টিকিট সরিয়ে নিয়ে পরে তা উচ্চমূল্যে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। এ ধরনের অপকর্ম একদিকে যেমন যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলছে, অন্যদিকে সিলেটের পর্যটনশিল্পের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে।

 

এ বিষয়ে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, রেলের টিকিট অনলাইনে অথবা কাউন্টার থেকে কিনতে হয় এবং টিকিট বিক্রির প্রক্রিয়ার সঙ্গে তাঁদের কোনো হাত নেই।

 

এদিকে আদালতের এই স্বপ্রণোদিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক আবদুল আহাদ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী গুরুত্বের সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন