আন্তর্জাতিক, ভারত
দিল্লিতে ৪ তলা ভবন ধসে অন্তঃসত্ত্বা নারী ও ২ শিশুর মৃত্যু, আহত ৮

ভারতের উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার মাসের এক অন্তঃসত্ত্বা নারী ও দুটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত আরও আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভবনটি ধসে পড়লে দিল্লি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
পুলিশ জানায়, নিহত নারীর নাম গুলাফসা (২১)। নিহত অন্য দুজনের মধ্যে আনুমানিক ১২ বছর বয়সী এক কিশোরী ও অপর এক শিশু রয়েছে। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতদের উদ্ধার করে তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাতে অনুভূত ভূমিকম্পের কারণে ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে সাধারণ মানুষকে ওই এলাকার রাস্তা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।
ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।