আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় কবরস্থান থেকে পিতল ও ব্রোঞ্জের লোভে ৪৫টি নামফলক চুরি

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির একটি লন কবরস্থান থেকে পিতলের তৈরি ৪৫টি স্মৃতিফলক চুরির ঘটনা ঘটেছে। প্রিয়জনদের শেষ স্মৃতিচিহ্ন হারিয়ে শোক ও ক্ষোভে ভেঙে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশের বরাতে জানা যায়, সেসনকের নিকটবর্তী অ্যাবারডেয়ারের একটি কবরস্থান থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যবর্তী সময়ে ফলকগুলো খুলে নিয়ে যায় চোরেরা।
স্বজনদের স্মরণে রাখা এসব ফলক হারিয়ে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। মাত্র এক বছর আগে স্ত্রীকে হারানো বেলবার্ডের বাসিন্দা গ্যারি গ্রিফিথস বলেন, স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে লাগানো ফলকটি হারিয়ে তিনি সম্পূর্ণ বিধ্বস্ত।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রতিদিন এখানে এসে ফলকটি পরিষ্কার করতাম, পালিশ করতাম। কোনো মানুষ কবরস্থানে ঢুকে এমন কাজ করতে পারে, তা বিশ্বাস করা যায় না।’
চুরি যাওয়া ফলকটি উদ্ধারের আশায় গ্রিফিথস সামাজিক যোগাযোগমাধ্যমে ১,০০০ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন।
একইভাবে নিজের ছেলের স্মৃতিফলক হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সেসনকের বাসিন্দা জেনিস মাসগ্রোভ। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, এমন ঘৃণ্য ঘটনা তাঁকে প্রচণ্ড আঘাত দিয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর হান্টার ভ্যালি পুলিশ ডিস্ট্রিক্ট পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এর পাশাপাশি সেসনকের একটি স্থানীয় পার্ক থেকেও সম্প্রতি একটি যুদ্ধ স্মারক ফলক চুরির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হান্টারের এমপি ড্যান রেপাচোলি বলেন, ‘কবরস্থান থেকে পিতল ও ব্রোঞ্জের ফলক চুরি করা অত্যন্ত জঘন্য একটি কাজ।’
পুলিশ এই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। কোনো ব্যক্তির কাছে এ সংক্রান্ত তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে 'ক্রাইম স্টপার্স'-এর হটলাইন (১৮০০ ৩৩৩ ০০০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র: এবিসি নিউজ
ডিবিসি/এমএনকে