আন্তর্জাতিক, ভারত
চিরবিদায় নিলেন নানা পাটেকর: ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া

ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শক্তিমান এই অভিনেতার আকস্মিক প্রয়াণে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ডোনা পাওলার বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে নানা পাটেকরের। এরপর ১৯৮৬ সালে ‘অঙ্কুশ’ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। অনন্য সংলাপ প্রক্ষেপণ, দাপুটে অভিব্যক্তি ও সহজাত অভিনয়ের মাধ্যমে হিন্দি ও মারাঠি উভয় সিনেমাতেই নিজের স্বকীয় এক ধারা তৈরি করেছিলেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে খলনায়ক, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, মারকুটে চরিত্র থেকে শুরু করে কমেডি প্রতিটি রূপেই তিনি দর্শকের মন জয় করেছেন। ‘পরিন্দা’, ‘তিরঙ্গা’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘প্রহার’, ‘অগ্নিসাক্ষী’ এবং ‘ওয়েলকাম’-এর মতো বহু কালজয়ী চলচ্চিত্রে তাঁর অভিনয় আজও স্মরণীয় হয়ে আছে। বিশেষ করে ‘পরিন্দা’ এবং ‘ক্রান্তিবীর’-এ তাঁর অভিনয় তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং এনে দেয় জাতীয় স্বীকৃতি।
জীবনের শেষদিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। ২০২৫ সালেও মাল্টিস্টারার ছবি ‘হাউসফুল ৫’-এ তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এছাড়া সম্প্রতি শাহিদ কাপুরের ‘ও রোমিও’ এবং অনিল কাপুরের ‘সুবেদার’ ছবিতেও বিশেষ উপস্থিতিতে নজর কাড়েন তিনি।
কয়েক দশকের সমৃদ্ধ ক্যারিয়ারে নিজের শক্তিশালী পর্দা উপস্থিতি দিয়ে দর্শক হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেওয়া নানা পাটেকরের প্রয়াণে ভারতের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তাঁর মৃত্যুতে বিনোদন জগতের তারকা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।
ডিবিসি/এমএনকে