সারা বাংলা
মেহেরপুরে কবরস্থানের পাশ থেকে ৩টি মেছো বাঘের শাবক উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে স্থানীয়দের সহায়তায় শাবকগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক কবরস্থানের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় তিনটি ছোট শাবককে একসঙ্গে ছোটাছুটি ও খেলাধুলা করতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের উৎসুক মানুষ সেখানে ভিড় জমান। পরে স্থানীয় কয়েকজন তরুণ কবরস্থানের পাশের ঝোপঝাড় থেকে শাবক তিনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
গ্রামবাসীদের ধারণা, কবরস্থানের আশপাশের কোনো ঝোপঝাড় বা পুরনো গর্তে মেছো বাঘটির বাসস্থান ছিল। মা বাঘের অনুপস্থিতিতে শাবকগুলো হয়তো পথ ভুলে বাইরে চলে আসে।
উদ্ধারের পর স্থানীয়দের একটি অংশ শাবকগুলোকে আশপাশের নিরাপদ ঝোপে ছেড়ে দেয়ার কথা বললেও সচেতন বাসিন্দারা বন বিভাগের কাছে হস্তান্তরের দাবি জানান।
স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এভাবে উন্মুক্ত স্থানে শাবকগুলোকে ছেড়ে দিলে কুকুর বা মানুষের আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি থাকে। তাই দ্রুত বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়ে তাদের হেফাজতে তুলে দেয়ার প্রস্তুতি চলছে।
ডিবিসি/এমএনকে