আন্তর্জাতিক, ভারত
দুই সন্তানের ভবিষ্যৎ গড়তে শাড়ি পরে খালি পায়ে ১৬০০ মিটার দৌড়

পরনে শাড়ি, পায়ে নেই জুতা। এভাবেই উত্তপ্ত মাটিতে খালি পায়ে ১৬০০ মিটার দৌড় শেষ করলেন ভারতের ঝাড়খণ্ডের ২৭ বছর বয়সী কবিতা কুমারী। মাত্র ছয় মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার এই অসাধারণ প্রচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
ঝাড়খণ্ডের রামগড় জেলার সোসো গ্রামের বাসিন্দা কবিতা কুমারী। তিন বছর আগে দীর্ঘ অসুস্থতার পর তার স্বামী দীপক মাহাতো মারা যান। এরপর দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সংসার চালাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ শুরু করেন তিনি। তবে পরিবারের স্থায়ী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি চাকরির স্বপ্ন দেখেন কবিতা।
সেই লক্ষ্যেই পুলিশ বা হোম গার্ডে নিয়োগের প্রস্তুতি শুরু করেন তিনি। প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠে সন্তানদের ঘুম ভাঙার আগেই গ্রামের রাস্তায় দৌড় অনুশীলন করতেন। আর্থিক সংকটের কারণে দৌড়ানোর উপযোগী জুতা কিংবা পোশাক কেনার সামর্থ্য ছিল না তার।
সম্প্রতি সরকারি নিয়োগ পরীক্ষার আগে স্থানীয় একটি প্রশিক্ষণ একাডেমির আয়োজিত পরীক্ষামূলক দৌড়ে অংশ নেন কবিতা। সেখানে নির্ধারিত ১০ মিনিটের পরিবর্তে মাত্র ছয় মিনিটে ১৬০০ মিটার দৌড় শেষ করেন তিনি। তার অসাধারণ নৈপুণ্যে বিস্মিত হন উপস্থিত প্রশিক্ষক ও দর্শকেরা।
আগামী ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডে হোম গার্ড নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রামগড় জেলায় ২৮৪টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৫০ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত। এ ছাড়া বিধবা ও বিবাহবিচ্ছিন্ন নারীদের জন্য অতিরিক্ত ৫ শতাংশ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল