ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের পশ্চিমবঙ্গে বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন

ভারতের পশ্চিমবঙ্গে বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন

আন্তর্জাতিক, ভারত

ভারতের পশ্চিমবঙ্গে বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (ডব্লিউবিএসএসসি) সঙ্গে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এর ফলে ভবিষ্যতে স্বীকৃত মাদ্রাসাগুলোর শিক্ষক নিয়োগের দায়িত্ব পাবে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজ্য সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে সিদ্ধান্তটি কার্যকর করতে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।


মঙ্গলবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কমিশনটি এখন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে একীভূত করা হবে।


রাজ্যের স্কুলশিক্ষা বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিধানসভায় দুটি পৃথক বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। একটি বিলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিলের প্রস্তাব থাকবে। অন্য বিলের মাধ্যমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হবে।


শিক্ষা বিভাগের প্রধান সচিব বিনোদ কুমার বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই কমিশন দুটি একীভূত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


বিল দুটি বিধানসভায় পাস হওয়ার পর রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজ্যপালের সম্মতি পাওয়া গেলে পরবর্তী সময়ে সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করা হবে।


বিনোদ কুমার জানান, প্রস্তাবিত একীভূতকরণের ফলে রাজ্যের স্বীকৃত মাদ্রাসাগুলোর শিক্ষক নিয়োগ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আওতায় আসবে।
সরকারি কর্মকর্তাদের মতে, শিক্ষক নিয়োগপ্রক্রিয়া আরও সুবিন্যস্ত করা এবং নিয়োগব্যবস্থায় অধিকতর অভিন্নতা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন