সারা বাংলা
মানিকগঞ্জে গার্মেন্টসকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

মানিকগঞ্জের সিংগাইরে রাশেদুল ইসলাম (৩৮) নামের এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হাসনা আক্তার পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার এসকেএইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তার স্ত্রী হাসনাও একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দক্ষিণ ধল্লা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোরে রাশেদুলের বাসা থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। ঘরের ভেতরে গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে পড়ে থাকতে দেখা যায়। দরজা বন্ধ থাকায় প্রথমে তারা ঘরে ঢুকতে পারেননি। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথে তার মৃত্যু হয়।
প্রতিবেশীদের ভাষ্য, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে রাশেদুল ও তার স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের ছেলে ও মেয়ের অভিযোগ, ঘটনার সময় তাদের মায়ের কাছে একটি ছুরি ছিল। মেয়ে জানায়, কয়েক দিন আগে তার মা একটি ধারালো ছুরি কিনে এনে আলমারিতে রেখেছিলেন। তবে শিশুদের এসব বক্তব্যের সত্যতা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
সিংগাইর থানার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম-১ বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবিসি/এসডব্লিউএন