ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কিশোরগঞ্জে বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, আহত ৭ শিক্ষার্থী

কিশোরগঞ্জে বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, আহত ৭ শিক্ষার্থী

বাংলাদেশ, সারা বাংলা

কিশোরগঞ্জে বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, আহত ৭ শিক্ষার্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই অক্টোবর ২০২৬ ০৭:০৭:৪৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যালয়ের পাশের একটি রেইনট্রি গাছে বজ্রপাতের ঘটনায় সাত শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে তিন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা সুস্থ হয়ে উঠলে অভিভাবকদের কাছে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির ছাইমা আক্তার, মোছা. সানজিদা, মীম আক্তার ও মো. নকিব, সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও ফাহিম আহমেদ এবং নবম শ্রেণির নোভা আক্তার। তাদের মধ্যে ছাইমা, সানজিদা ও নোভা জ্ঞান হারিয়ে ফেলে।


শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে টিফিন বিরতির সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষের পাশের একটি রেইনট্রি গাছে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তিন ছাত্রী জ্ঞান হারায়। এ ছাড়া আরও চার শিক্ষার্থী আহত হয়।


পরে শিক্ষকরা আহত শিক্ষার্থীদের বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসার পর তারা সুস্থ হয়ে উঠলে অভিভাবকদের কাছে পাঠানো হয়।


নবম শ্রেণির শিক্ষার্থী নোভা আক্তার বলে, ঘটনার সময় সে বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে নিচে নামছিল। হঠাৎ বজ্রপাতের আলোর ঝলকানি ও বিকট শব্দে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।


স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হান্নান জানান, বজ্রপাতের শিকার রেইনট্রি গাছটি ওপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে। গাছের বিভিন্ন অংশের ছাল খসে পড়েছে। বজ্রপাতের খবর ছড়িয়ে পড়ার পর গাছটি দেখতে সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন।


কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার বলেন, বজ্রপাতের ঘটনায় বিদ্যালয়ের সাত শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পর তাদের বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সুস্থ হলে অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে।


ডিবিসি/ এসভিএন

 

আরও পড়ুন