আন্তর্জাতিক, আরব
ইরানে নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা, নিহত ২

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক সন্ত্রাসী হামলায় দুই সদস্য নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইরানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ইরানের সেনাবাহিনীর ৮৮তম সাঁজোয়া ডিভিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, নিকশাহর কাউন্টির কাছে একটি মরু সড়কে সেনাসদস্যদের বহনকারী মিনিবাসে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। ওই সময় সেনাসদস্যরা মাকরান উপকূলের একটি শিবিরে যাচ্ছিলেন। হামলায় মোহাম্মদ রেজা ওকাতি নামের এক সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হন।
অন্যদিকে, লাকশাক-জাহেদান সড়কে নিরাপত্তা অভিযান পরিচালনার সময় নোসরাতাবাদ বিশেষ পুলিশ ইউনিটের একটি টহল দলের ওপর হামলা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ওয়াহিদ এনায়েত নিহত হন। পুলিশের পাল্টা অভিযানে কয়েকজন হামলাকারী আহত হয়ে পালিয়ে যায়। তাদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।
এর কয়েক ঘণ্টা আগে একই প্রদেশের গোলশান কাউন্টিতে পুলিশের সদর দপ্তরে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। হামলায় রকেটচালিত গ্রেনেডসহ হালকা ও আধা ভারী অস্ত্র ব্যবহার করা হয়। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে এক হামলাকারী নিহত এবং কয়েকজন আহত হয়।
এ ছাড়া বুধবার সারাভান কাউন্টির জালাক এলাকায় পুলিশের ওপর রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশের পাল্টা প্রতিরোধের মুখে হতাহত হয়ে হামলাকারীরা পিছু হটে।
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: প্রেসটিভি
ডিবিসি/এসএফএল