বাংলাদেশ, সারা বাংলা
বরগুনার ঘটনা
অফিস খরচের নামে কার্ডপ্রতি ৩০০ টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড ও চাল বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে। ‘অফিস খরচ’ ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার নাম ভাঙিয়ে কার্ডপ্রতি ৩০০ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিডব্লিউবির কার্ড সংগ্রহ করতে গেলে দুস্থ নারীদের কাছে টাকা দাবি করেন সচিব। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার নাম ও কার্যালয়ের আনুষঙ্গিক খরচের অজুহাতে ২০টি কার্ডের বিপরীতে ৩০০ টাকা করে আদায় করা হয়। টাকা দেওয়ার পর আগস্ট ও সেপ্টেম্বর মাসের মোট ৬০ কেজি চাল পান উপকারভোগীরা।
বিষয়টি জানাজানি হলে বুধবার (৭ অক্টোবর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে রওশনআরা নামের এক উপকারভোগীর ৩০০ টাকা ফেরত দেন সচিব।
রওশনআরা বলেন, ‘কার্ড নিতে গেলে সচিব ৩০০ টাকা চান। বাধ্য হয়ে টাকা দেওয়ার পর চাল পাই। পরে বিষয়টি জানাজানি হলে টাকা ফেরত দেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন একই অভিযোগ করেন।
সচিব খলিলুর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, দু-একজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। চেয়ারম্যানের নির্দেশে তা ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ‘কার্ড বা চাল বিতরণে টাকা নেওয়ার নিয়ম নেই। আমার নাম ভাঙিয়ে টাকা আদায় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, উপজেলার সাত ইউনিয়নে ১ হাজার ৬৫২ জন ভিডব্লিউবির উপকারভোগী রয়েছেন। ছোটবগীতে এ সংখ্যা ৩০০। প্রত্যেকের ২৪ মাস বিনামূল্যে মাসিক ৩০ কেজি চাল পাওয়ার কথা।
ডিবিসি/এসএফএল