আন্তর্জাতিক, আরব
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে রিয়াদে কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রের কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে সৌদি রাজধানী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধাতব টুকরা রিয়াদের বিভিন্ন স্থানে পড়ে। এতে একটি কিন্ডারগার্টেন ও একটি চিকিৎসাকেন্দ্রের কমপ্লেক্সের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটির সরকারপন্থী বাহিনীকে সমর্থন দিয়ে আসছে। এর জেরে হুতিরা বারবার রিয়াদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংঘাত তীব্র হওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আঘাত হানা এবং সৌদি আকাশপথে চলাচল ব্যাহত করার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।
হুতিদের হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সৌদি কর্তৃপক্ষের প্রকাশ্যে স্বীকার করার নজির তুলনামূলকভাবে বিরল। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও এসব হামলার প্রভাব নিয়ে দেশটির কর্মকর্তারা খুব কম বিবৃতি দিয়েছেন।
মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আট মাসের সংঘাতের মধ্যে রিয়াদকে লক্ষ্য করে হামলার মাত্রা ও ঘনত্ব নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
গত জুলাইয়ে ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হয়ে ওঠার পর সৌদি আরব ক্রমেই যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে। কূটনৈতিক সমাধানের পরিবর্তে সৌদি আরব ও হুতি বিদ্রোহী-উভয় পক্ষই লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: গালফ টুডে
ডিবিসি/এসএফএল