বাংলাদেশ, সারা বাংলা
পিরোজপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য ও উৎপাদনসামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক আল আমিন হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লায় একটি ভাড়াটিয়া ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া পৌর শহরের লক্ষ্মীপুরা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র শিশুদের জন্য নকল ও ভেজাল ভোগ্যপণ্য ও শিশুখাদ্য তৈরি করে বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য, উৎপাদনসামগ্রী এবং বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক জব্দ করা হয়।
এ ছাড়া সেখান থেকে প্রচুর পরিমাণ চিনিগুঁড়া ও সুগন্ধি চাল, আইসক্রিম, আইস পপ, ভেজাল মধু ও ডিটারজেন্ট পাউডার জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে শিশুদের ড্রিংকস ও জুস তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ফ্লেভার, অননুমোদিত রং, উৎপাদন মেশিন, চারটি রেফ্রিজারেটর ও তিনটি কম্পিউটারও রয়েছে।
অভিযানকালে আল আমিন হাওলাদারকে আটক করা হয়। এ সময় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। জব্দ করা ভেজাল পণ্য পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, কারখানাটিতে দীর্ঘদিন ধরে নকল ও মানহীন ভোগ্যপণ্য এবং ভেজাল শিশুখাদ্য তৈরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্য ও সরঞ্জাম জব্দ এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/ এসভিএন