বাংলাদেশ, সারা বাংলা
লালমনিরহাটে রান্নাঘর থেকে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতের দায়ে মো. জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি জানান, উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট গ্রামের মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধার করা সারের মধ্যে ৪০ বস্তা ইউরিয়া, ৪ বস্তা এমওপি এবং ১২ বস্তা ডিএপি সার রয়েছে। পরে জব্দ করা ৫৬ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে অনুমোদিত ডিলারের কাছে বিক্রি করা হয়। এসব সারের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ৭০ হাজার ৬০০ টাকা। পরে স্থানীয় কৃষকদের দাবিতে নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনোভাবেই অবৈধভাবে মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ সার মজুত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিবিসি/ এসভিএন