ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামে হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা দিল কর্তৃপক্ষ

চট্টগ্রামে হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা দিল কর্তৃপক্ষ

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামে হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা দিল কর্তৃপক্ষ

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে হাসপাতালে পেটব্যথা নিয়ে এসে লিফটের ভেতর এক প্রসূতি নারীর সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট পৌর সদরের বিএম হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রসূতির নাম প্রিয়াঙ্কা রায়। তিনি উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মিলন রায়ের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রিয়াঙ্কা রায় পেটব্যথা নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। লিফটে করে ওপরে ওঠার সময় হঠাৎ তিনি পড়ে যান এবং প্রসববেদনা শুরু হয়ে পানি ভেঙে যায়। বিষয়টি জানতে পেরে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা লিফটের চারপাশ কাপড় দিয়ে ঘিরে সেখানেই তার সন্তান প্রসব করান। প্রসবের পর নবজাতককে এনআইসিইউতে এবং মাকে মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে স্বজনদের খোঁজ না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে প্রিয়াঙ্কার স্বামী মিলন রায়ের সন্ধান পায়।


শিশুটির অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় বৃহস্পতিবার সকালে বিএম হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে হাসপাতালে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, মিরসরাই পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে ও হাসপাতাল ডেভেলপমেন্ট শাখার মোশাররফ হোসেন।


বিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গণি ভূঁইয়া বলেন, ‘ওই নারী পেটব্যথার চিকিৎসায় এসে লিফটে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক নার্সরা চারপাশে কাপড় দিয়ে ঢেকে প্রসব সম্পন্ন করান। এরপর নবজাতক ও নারীর শারীরিক অবস্থা ভালো ছিল না। হাসপাতালের এনআইসিইউতে নবজাতককে ভর্তি করানো হয়। বর্তমানে মা অনেকটা সুস্থ। তবে শিশুর অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারটির আর্থিক অবস্থা ভালো না থাকায় মা ও শিশুর চিকিৎসা, ওষুধ, খাবারসহ সব খরচ আমরা বহন করেছি।’


এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা বলেন, খবর পেয়ে রাতে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মা ও শিশুর চিকিৎসা বিনামূল্যে করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন