বাংলাদেশ, সারা বাংলা
পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের এক নারীসহ ৩ সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘হানি ট্র্যাপ’ চক্রের এক নারীসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। ভাণ্ডারিয়া বাজার সংলগ্ন রিজার্ভ পুকুরপাড়ে ব্যবসায়ী মানবেন্দ্র রায়কে (৩৪) হানি ট্র্যাপে ফেলে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ, টাকা আদায় এবং ব্ল্যাকমেলের অভিযোগে বুধবার (৭ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উত্তর-পূর্ব ভাণ্ডারিয়ার মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে মো. সজীব (২৫), আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) এবং মারিয়া আক্তার (ছদ্মনাম)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়ার রিজার্ভ পুকুরপাড় এলাকার ব্যবসায়ী মানবেন্দ্র রায়কে সিসি ক্যামেরা লাগানোর কথা বলে নিজ বাসায় ডেকে নেন মারিয়া আক্তার। পরে বাসায় আগে থেকেই ওত পেতে থাকা সজীব ও মোস্তাফিজুর রহমান রনি তাকে জিম্মি করে নগ্ন করে মারধর করেন এবং ভিডিও ধারণ করেন।
পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা আদায়ের উদ্দেশ্যে মানবেন্দ্র রায়কে ছেড়ে দেয়া হয়। বাসা থেকে বের হয়েই তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে ধারণ করা ভিডিও উদ্ধার করে এবং মারিয়া আক্তার, সজীব ও মোস্তাফিজুর রহমান রনিকে গ্রেপ্তার করে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্যকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবিসি/ এসভিএন