ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণে মালয়েশিয়ার বহু স্কুল বন্ধ

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণে মালয়েশিয়ার বহু স্কুল বন্ধ

আন্তর্জাতিক, এশিয়া

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণে মালয়েশিয়ার বহু স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়াশার কারণে বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্য এবং প্রশাসনিক অঞ্চলে শুক্রবার (৯ অক্টোবর) সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক জানান, উপদ্বীপীয় মালয়েশিয়ার জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গর রাজ্যের পাশাপাশি রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় স্কুলগুলো বন্ধ থাকবে। এ ছাড়া পাহাং রাজ্যের রোম্পিন জেলাতেও স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, ‘আমি রাজ্যের সব শিক্ষা বিভাগ এবং জেলা শিক্ষা অফিসকে ধোঁয়াশা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে এবং পরিস্থিতির প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।’


মালয়েশিয়ার এয়ার পলিউট্যান্ট ইনডেক্স (এপিআই) অনুযায়ী, বায়ুর মান ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর ওপরে গেলে ‘বিপজ্জনক’ হিসেবে ধরা হয়। সরকারি তথ্যমতে, শুক্রবার সকালে দেশের ৩৭টি এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রেকর্ড করা হয়েছে। মূলত ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি প্রদেশে বনাঞ্চল ও ভূমিতে লাগা আগুন নিয়ন্ত্রণে দেশটির কর্তৃপক্ষের হিমশিম খাওয়ার কারণেই মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ প্রতিবেশী দেশগুলোতে এমন ঘন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো ধোঁয়াশা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। পাশাপাশি মালয়েশিয়াও যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এই আঞ্চলিক সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও ইন্দোনেশিয়ার প্রচেষ্টাকে সমর্থন জানাতে আসিয়ানের মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নিতে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।


সূত্র: রয়টার্স


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন