ডিবিসি নিউজdbcnews.tv

বাণিজ্য

দেশজুড়ে ৮২ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

দেশজুড়ে ৮২ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

বাণিজ্য

দেশজুড়ে ৮২ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ এবং এলপিজি সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকাসহ দেশের ২৮টি জেলায় ৪৩টি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮২টি প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রাজধানীর মধ্য বাড্ডায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়ের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। সেখানে নকল কফি ও সস প্যাকেটজাত এবং বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। 

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী ‘ন্যাসক্যাফে কফি’, ‘আমেরিকান বারবিকিউ সস’ এবং ‘ইয়েলো মাস্টার্ড সস’-এর নকল প্যাকেট ব্যবহারের জন্য দোহা করপোরেট, মাসুম এন্টারপ্রাইজ ও জুনায়েদ এন্টারপ্রাইজের প্রত্যেকটিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই অভিযানে পুলিশ সদস্যরাও সহায়তা করেন।

 

দেশব্যাপী পরিচালিত এই অভিযানে ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্য বিক্রি করছেন কি না, তা তদারকি করা হয়। এছাড়া হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য তৈরি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

 

ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং সঠিক ওজন নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে নকল পণ্য বিক্রি, মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরির বিষয়ে তাদের সতর্ক করা হয়। পণ্য কেনাবেচার রসিদ ক্রেতাদের দেয়া নেয়ার বিষয়েও ব্যবসায়ীদের কঠোর নির্দেশ দেয়া হয়।

 

জনসচেতনতা বাড়াতে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, ক্যাব এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এসব অভিযানে সহায়তা করেন। ক্রেতাদের প্রয়োজনের চেয়ে বেশি পণ্য না কেনার এবং কৃত্রিম সংকট তৈরি হতে পারে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অধিদপ্তর। 

 

পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সঠিক ওজন যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে। কোনো ক্রেতা প্রতারিত হলে বা অনিয়ম দেখলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। বাজার নিয়ন্ত্রণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন