সারা বাংলা
চাঁদপুরে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর

মেয়ের জন্মদিনের আনন্দ নিমিষেই পরিণত হলো বিষাদে। আদরের সন্তানের জন্য জন্মদিনের কেক নিয়ে আর বাড়ি ফেরা হলো না সৌদি প্রবাসী বাবা আল আমিনের।
চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করতেন। ছুটি শেষে আগামী রবিবার তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র মেয়ের জন্মদিন। মেয়ের জন্য কেক কিনতে তিনি মোটরসাইকেলে করে হাজীগঞ্জ গিয়েছিলেন। সেখান থেকে কেক কিনে ফেরার পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপর যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ডিবিসি/এমএনকে