বাংলাদেশ, সারা বাংলা
কুমিল্লায় স্কুল শিক্ষার্থী তাজমিন হত্যার ঘটনায় সিএনজিচালক সুমন আটক

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষার্থীর মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল।
নিহত তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত সে।
গতকাল ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা। এর আগে রাতে লালমাই থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আবদুল আলীম।
নগরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী গত ৪ অক্টোবর বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। চার দিন পর ফসলি জমিতে মিলল তার মরদেহ।
ডিবিসি/ এসভিএন